ওনানার বিশ্বকাপ শেষ হয়নি

সার্বিয়ার বিপক্ষে ক্যামেরুন নম্বর ওয়ান গোলরক্ষককে একাদশে না দেখে অবাক হতে পারেন অনেকেই। ম্যাচ শুরুর আগেই কোচের বিরাগভাজন হন আন্দ্রে ওনানা। তাই সার্বিয়ার ম্যাচে দ্বিতীয় গোলরক্ষক ছিলেন ক্যামেরুনের গোলপোস্টে। জানা যায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বসিয়ে রাখেন কোচ রিগোবার্ট সং। তাই বলে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি ওনানার। কোচ সং জানান পরের ম্যাচেই হয়তো খেলবেন।

সংবাদ মাধ্যমে উঠে আসে ম্যাচের জন্য ভেন্যুতে এসেছিলেন ওনানা। কিন্তু একাদশে না থাকায় মাঝপথে তাকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়। ক্যামেরুনের কারও পক্ষ থেকেই তার বাদ পড়ার কারণ জানানো হয়নি। কিন্তু রিপোর্টস বলছে কোচের উপদেশ অমান্য করায় তার এই বাদ পড়া। গোলকিপারদের জন্য বল হাত দিয়ে ধরার নিয়ম। কিন্তু ওনানা ভিন্ন। তার হাত থেকে বল রিসিভে পা বেশি ব্যবহার হয়। ডি বক্সে বিপক্ষ খেলোয়াড়ের উপস্থিতির সময়ও হাত ব্যবহার না করে পা দিয়ে বল ক্লিয়ার করতে পছন্দ করেন ওনানা। কিন্তু এতে মহাবিরক্ত কোচ সং। আর এজন্যই নাকি এক নম্বর গোলরক্ষক হয়েও তাকে বসিয়ে রাখা হয়েছে।

তবে পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ওনানার খেলার ব্যাপারে কোচ সং জানান, ‘সে অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আমাকে একজন নয় পুরো দল নিয়েই ভাবতে হয়।’ তবে শেষ ম্যাচে ইন্তার মিলান গোলরক্ষক ওনানার খেলার বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা দেননি সং। তবে কোচের কথাতে অনেক কিছুই স্পষ্ট হয়, ‘এখন আমরা তাদের নিয়েই ভাবছি যারা দেশের পতাকাকে ধারণ করতে চায়। আমি ওকে থাকতে বলেছি (দলের সঙ্গে)। এখন বাকিটা তার ওপর। ওকে অবশ্যই দলের নিয়ম মানতে হবে। সেটা সম্ভব কিনা তা নির্ভর করছে ওনানার ওপর।’