ডাকাতির শঙ্কায় মাইকিং মাদারীপুরজুড়ে আতঙ্ক

মাদারীপুর পৌর শহর এবং সদর উপজেলাসহ জেলার  বিভিন্ন এলাকায় ডাকাতদল হানা দিচ্ছে বলে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত রবিবার রাতে এ বিষয়ে বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করা হয়। এমন আতঙ্কের মধ্যে রাতভর স্থানীয় বাসিন্দারা এলাকায় পাহারা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকেই প্রথমে ডাকাতের বিষয়ে এলাকাবাসীকে সতর্ক করা হলেও পরে তারা এটিকে গুজব বলে দাবি করে।

জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার পর সদর উপজেলার মস্তফাপুর, করদি, উত্তর চিড়াইপাড়া, নয়াচর, থানতলী, পিটিআই এলাকাসহ শিবচর ও কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতদলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়। অনেকে আতঙ্কিত হয়ে ফেইসবুকে পোস্ট করেন। সেসব পোস্ট থেকে জানা গেছে, মাইকিং শোনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

শিবচরের নলগোড়া খাজারডেক নামক এলাকার বাসিন্দা নাসির বলেন, ‘এলাকার মসজিদে রাত ১টার দিকে ডাকাত হানা দিতে পারে জানিয়ে মাইকিং করা হয়।’

কালকিনির বাসিন্দা জাফরুল বলেন, ‘কালকিনিতেও রাত ১টার দিকে মাইকিং করা হয়। তবে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।’ মস্তফাপুরের হাফিজ বলেন, ‘আমি মাইকিং শুনে বাড়ি থেকে বের হয়েছি লাঠি নিয়ে।’

নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সারা রাত মাইকিং করে এত আতংক সৃষ্টি করা হয়েছে। ঘরের বৃদ্ধ ও শিশুরা ভয়ে ভয়ে কাটিয়েছেন সারা রাত। যুবকরা দেশি অস্ত্র ও লাঠি নিয়ে নিজ নিজ এলাকা পাহারা দিতে বাধ্য হয়েছেন। পরে দেখা গেল কিছুই হয়নি। এটা যদি গুজব হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার চৌধুরী বলেন, ‘আমাদের কাছে ম্যাসেজ আসছে মস্তফাপুরের আশপাশে ডাকাতি হতে পারে। তাই সতর্ক থাকতে বলেছি। আমরা তো কাউকে মাইকিং করতে বলিনি। এগুলো গুজব। গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা হয়েছে। বিষয়টি ন্যক্কারজনক। এ বিষয়ে সরেজমিনে খোঁজ চলছে।’