বহুগামিতাকে অন্য 'উচ্চতা'য় নিয়েছেন ব্রাজিলীয় মডেল আর্থার

স্ত্রীদের কোলাহলে সরগরম বাড়ি, রুটিন মেনে রাত্রিযাপন

ব্রাজিলীয় মডেল আর্থার ও উরসো। ২০২১ সালে প্রথমবার আন্তর্জাতিক শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এক সঙ্গে ৯ তরুণীকে বিয়ে করেছিলেন আর্থার। ঘটা করে সেই সম্পর্কের উদযাপন করেন। ব্রাজিলের একটি চার্চে গিয়ে ৯ তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর্থার। নিজের এই বহুগামী সম্পর্ককে আলাদা মাত্রা দেন মহা ধুমধামের সঙ্গে। তবে যে উৎসাহ নিয়ে তিনি শুরু করেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তা ফিকে হয়।

৯ স্ত্রীকে নিয়ে সংসার করা হয়নি আর্থারের। কারণ বিয়ের কয়েক মাস পরেই এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বহুগামী সম্পর্কে তিনি প্রথমে রাজি হলেও পরে মোহভঙ্গ হয়। আর্থার তার পর থেকে থাকছিলেন ৮ স্ত্রীকে নিয়ে। সকলকে নিয়ে থাকার জন্য ব্রাজিলের জোঁ পেসোয়া শহরে প্রাসাদোপম একটি বাড়ি বানান আর্থার। ৩৬ বছর বয়সী যুবক ৮ স্ত্রীকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছিলেন। তবে সংসারে ফের নামে অশান্তি।


বহুগামিতাকে অন্য 'উচ্চতা'য় নিয়েছেন ব্রাজিলীয় মডেল আর্থার

জানা গেছে, সম্প্রতি আটজনের মধ্যে আর্থার তার ৪ স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। উভয় পক্ষের মধ্যে বহুগামী সম্পর্ক, দৈনন্দিন দিনযাপনসংক্রান্ত নানাবিধ বিষয়ে মতবিরোধ হয়েছে বলে ব্রিটিশ একটি সংবাদমাধ্যম সূত্র জানায়। উভয় পক্ষের সম্মতিতেই হয়েছে বিবাহবিচ্ছেদ।

আর্থার জানান, এই মুহূর্তে তার আইনসম্মত স্ত্রী চারজন। তাদের নিয়ে ব্রাজিলের বিশাল বাড়িতে থাকেন তিনি। তবে আরও সঙ্গীর খোঁজ চলছে। নতুন নতুন সঙ্গী ছাড়া তিনি থাকতে পারেন না বলে জানান এই ব্রাজিলীয় মডেল। গত বছর থেকেই আলোচনায় আর্থারের সংসার, সঙ্গী, বিবাহিত জীবন। কিভাবে আটজন স্ত্রীর সঙ্গে তিনি সংসার করে চলেছেন, কিভাবে ভারসাম্য রেখে সকলকে মানিয়ে চলেন, তা জানার জন্য আগ্রহের অন্ত নেই।

এ বিষয়ে একাধিক বার একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আর্থার। তার বহুগামী জীবন নিয়ে যাবতীয় কৌতূহল নিরসন করেছেন। আর্থার জানিয়েছেন, একাধিক স্ত্রীকে নিয়ে থাকা, সকলের সঙ্গে মানিয়ে-গুছিয়ে সংসার করা আদতে এমন কিছু কঠিন নয়। সকলের মন রাখতে একটি রুটিন তিনি বানিয়ে নিয়েছেন। কবে কখন কোন স্ত্রীর সঙ্গে ঠিক কতটা সময় তিনি কাটাতে চান, কোন সময় কী করতে চান, রুটিনে সে সব লেখা ছিল। সেই রুটিন অনুযায়ী দিন কাটান আর্থার। এমনকি ব্রাজিলীয় মডেল নিজের যৌন জীবনকেও বেঁধে ফেলেছেন রুটিনে। কোন স্ত্রীর সঙ্গে তিনি কখন মিলিত হবেন, তার রুটিন তৈরি করা রয়েছে। সেই রুটিন অনুযায়ী চলে নিত্য সহবাস।


ব্রাজিলের একটি চার্চে গিয়ে ৯ তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর্থার

আট স্ত্রীকে নিয়ে থাকবেন বলেই সাধ করে বাড়ি তৈরি করেছিলেন আর্থার। কেন বিচ্ছেদ হলো? তিনি জানিয়েছেন, প্রথম প্রথম বহুগামী জীবন শুরু করার পর তাকে নানা কথা শুনতে হত। তাকে এবং তার স্ত্রীদের নিয়ে অনেকেই ঠাট্টা করতেন। যা শুনে তাদের মন খারাপ হতো। সমাজের এই টিপ্পনী, হাসাহাসির মাঝে সম্পর্ক টিকিয়ে রাখা যাবে কি না, তা নিয়ে সন্দিহান হয়ে ওঠেন আর্থার। স্ত্রীদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধান করে নেন নিজেরাই।

এমন আলোচনার মাধ্যমেই চার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আর্থার। তিনি বলেন, 'আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি। শান্তিতেই আমরা সম্পর্ক শেষ করেছি। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আমরা নিজের অনুভূতি ভাগ করে নিয়েছি। মুক্ত ভালোবাসার সম্পর্ক তো এমনই হওয়া উচিত।' বহুগামী সম্পর্ক টিকিয়ে রাখার নেপথ্যে কোন কৌশল লুকিয়ে রয়েছে? আর্থার জানান, প্রত্যেক মানুষকে সম্মান করা প্রয়োজন। সেটাই সবথেকে বেশি দরকারি। তার দর্শন, 'আমরা প্রত্যেকে প্রত্যেকের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করি। একে অপরের চাহিদা বুঝি। আমরা তাই বুঝে নিয়েছি। কখন শেষ করা দরকার।'


সকলকে নিয়ে থাকার জন্য ব্রাজিলের জোঁ পেসোয়া শহরে প্রাসাদোপম একটি বাড়ি বানান আর্থার

চার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার কি বিয়ে করার কথা ভাবছেন আর্থার? বারবার তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। প্রতিবার তার জবাবে একটি বিষয় স্পষ্ট ছিল। তিনি একজনকে নিয়ে থাকতে পারেন না। তার একাধিক সঙ্গী প্রয়োজন। আর্থার জানান, তিনি আরও নতুন সঙ্গীর খোঁজে রয়েছেন। আবার বিয়ে করবেন কি না, এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেননি ব্রাজিলের মডেল। তবে বিয়ে না করলেও সঙ্গী তার প্রয়োজন।

শুধুমাত্র বহুগামী সম্পর্কের কারণেই নয়, সঙ্গী খোঁজার অন্য কারণও রয়েছে। আর্থার জানান, তাঁর বিশাল বাড়িটি এখন খাঁ খাঁ করে। বাড়ির এক-একটি ঘরে বড় আকারের সুদৃশ্য বিছানা রয়েছে। বিবাহবিচ্ছেদের পর সেগুলো খালি খালি লাগে। সে কারণেও নতুন সঙ্গিনীদের খোঁজ করছেন আর্থার। তিনি চান, আবার তার রুটিন সচল হয়ে উঠুক। আবার স্ত্রীদের হাসি-ঠাট্টায় গমগম করে উঠুক গোটা বাড়ি। সূত্র : ডেইলি মেইল