আদালতে পরীমনি, জবানবন্দি রেকর্ড করলেন বিচারক

ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ জবানবন্দি দিয়েছেন পরীমনি। আজ মঙ্গলবার সকালে তিনি গত বছরের জুনে ঘটে যাওয়া এ ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি বর্ণনা করেন, কিভাবে তাকে যৌন হেনস্তা করা হয়।

জবানবন্দি রেকর্ড করাতে পরীমনি সকাল সাড়ে ৯টার দিকে আদালতে উপস্থিত হন। এ সময় স্বামী অভিনেতা শরীফুল রাজও তার সাথে ছিলেন।

ট্রাইব্যুনালের বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি প্রদানের সময় তিনি আদালতকে জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তবে আজ পরীমনি তার জবানবন্দি সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল পরবর্তী তারিখ দেন আগামী ১১ জানুয়ারি।

এ সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না। এর আগে গত ১৮ মে একই ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। গত বছরের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি। একটি গোয়েন্দা দল ওই দিনই উত্তরার ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়।