২৩ দিনের বিরতি, ফের ক্যামেরার সামনে আলিয়া

২৩ দিন হলো তাদের জীবনে এসেছে নতুন সদস্য। ৬ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত ২৩ দিন এক মুহূর্তের জন্যও ক্যামেরার সামনে ধরা দেননি নায়িকা। বাবা রণবীর কাপুরকে লেন্সবন্দি করেন আলোকচিত্রীরা। কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর আর দেখা যায়নি নতুন মা-কে। অবশেষে তার দেখা মিলল।

২৮ নভেম্বর বড় বোন শাহিন ভাটের জন্মদিন ছিল। এ বিশেষ দিনে বোন আসবে না, তা কি হয়? মা সোনি রাজদানের সঙ্গে দেখা দিলেন আলিয়া। হালকা নীল রঙের জিন্স, সঙ্গে কালো টি-শার্ট, উপরে শ্রাগ- একদম সাধারণ লুকে ধরা দিলেন নায়িকা। এখন সারাটা সময় কেটে যাচ্ছে ছোট্ট রাহাকে নিয়েই। সেই ছাপ তার চোখেমুখে স্পষ্ট। 

আলিয়াকে সামনে পেয়ে পাপারাজ্জিরা উৎফুল্ল। তাদের মধ্যে একজন আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে বললেন, 'মেয়ের নামটা ভালো।' উত্তরে আলিয়া হেসে বললেন, 'খুব ভালো'।

নতুন সদস্যকে ঘিরেই আলিয়া-রণবীরের রোজনামচা। তাই মেক আপ, স্টাইল করার সময় হাতে বড়ই কম। আলিয়াকে দেখে তেমনটাই মনে হলো। তবে ব্যস্ততা থাকলেও জীবনের এই নতুন অধ্যায়ে যে নায়িকা বড়ই খুশি, আলিয়ার মুখের জেল্লা সে কথাই বলছিল। তবে এতদিন পর নায়িকাকে সামনে পেয়ে খুশি সবাই। ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। আপাতত আলিয়া-রণবীরের মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

শেষ 'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়াকে দেখেন দর্শক। এর পর করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয়বার ('গালি বয়'-এর পর) জুটি বাঁধতে দেখা যাবে নায়িকাকে। সূত্র : পিঙ্কভিলা