১৩ ঘণ্টা আগুনে পুড়ল টেক্সটাইল মিলের তুলার গুদাম

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিন টেক্সটাইল মিলের তুলার গুদামের লাগা আগুন প্রায় ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকল বাহিনীর কর্মীরা।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ড ঘটে।

মঙ্গলবার বেলা একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

তিনি জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে।

আগুন লাগার ১৩ ঘণ্টা পর পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

সামিন টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, আমাদের লোকজন যারা টের পেয়েছে তখন রাত ১২টা। টের পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে সাড়ে তিনশ থেকে চারশ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানান।

তবে দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।