শীতকে অস্ত্রের মতো ব্যবহার করছে রাশিয়া!

সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গের অভিযোগ, ইউক্রেনে শীতকে অস্ত্রের মতো ব্যবহার করছে রাশিয়া। এজন্য শীত আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন লাইন, গ্যাস-অবকাঠামো এবং জনগণের জরুরি পরিষেবাগুলোতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, শীত আসছে আর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীতকে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন। বুখারেস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকের আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অক্টোবরের শুরু থেকে প্রায় প্রতি সপ্তাহে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শঙ্কা রাশিয়া ক্ষেপণাস্ত্র না ফুরানো পর্যন্ত হামলা চালিয়ে যাবে। ইউক্রেনের ভাষ্য, রাশিয়া বিদ্যুৎ গ্রিডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার যে প্রস্তুতি নিচ্ছে, সে ধরনের হামলায় এরই মধ্যে দেশের বিভিন্ন অংশ শীতল ও অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এতে সরাসরি যুদ্ধের চেয়েও বেশি মানুষের প্রাণহানির কারণ হতে পারে শীত। এরই মধ্যে ইউক্রেনে নামতে শুরু করেছে তাপমাত্রা, শুরু হয়েছে তুষারপাত।