বরিশাল নগরে স্বামীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী জাফরিন আরা পপিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত বঁটিটি উদ্ধার করা হয়েছে।
হত্যার শিকার ইকবাল কবির (৫৫) নগরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর গুচ্ছগ্রাম রোডের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সোমবার রাতে নগরের পলাশপুর এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপায় স্ত্রী পপি। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে ইকবালের মৃত্যু হয়। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী পপি স্বীকার করেছেন জমি ও ভবন তার নামে লিখে না দেওয়া নিয়ে ঝগড়া হয়। এর জেরে ক্ষিপ্ত হয়ে কুপিয়েছেন।