টেকনাফে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে কোচিংয়ে পড়া না পারায় দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৯টার দিকে হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

ঘটনার পর ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় টেকনাফ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক চৌধুরীকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, হ্নীলা চৌধুরী পাড়ার রাখাইন পল্লীর বাসিন্দা ক্য থিং জ এর ছেলে ক্য জ লাং ও চেন ছিন মং এর মেয়ে মো মো ছেন’কে কোচিংয়ে পড়ার সময় অঙ্ক ভুল করলে বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শামশুদ্দিন।

পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মারধরের কথা স্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক বলেন, অঙ্ক না পারায় রাগের মাথায় হালকা মারধর করেছি, এই জন্য আমি তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক চৌধুরী বলেন, আমরা তদন্ত করছি, বিভিন্ন ডাটাগুলো কানেকশন করে আমরা একটা রিপোর্ট তৈরি করে আমাদের জেলা অফিসারকে দেব। এরপরে উনিই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিনে-মাঠে গিয়ে তদন্ত করছেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।