বগুড়ায় স্কুলছাত্রীর গোসলের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মূল হোতা রাসেলকে (২১) গ্রেপ্তার করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
বুধবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। রাসেল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
র্যাবের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন জানান, গত ১৪ নভেম্বর ধুনটের ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন রাসেল। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। এলাকায় তা ব্যাপক আলোচিত হয়।
এ ঘটনায় গত ২৭ নভেম্বর ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় মামলা দায়ের করেন। পরে ওই ছাত্রীর মা র্যাব বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র্যাব অভিযান শুরু করে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মূল হোতা রাসেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত রাসেলকে ধুনট থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।