নিজের আকৃতির চেয়েও কয়েক গুণ বড় শিকারকে কিভাবে গিলে খেয়ে ফেলে অজগর সাপ? বড় কোনো প্রাণীকে গিলে খাওয়ার পর অজগর সাপ অনেকদিন চুপচাপ পড়ে থাকে। নড়াচড়াও করে না। বিজ্ঞানীরা বলছেন, এরকম বড় প্রাণীর হাড়গোড়, শিং অজগরের পেটের ভেতরেই হজম হয়ে যায়।
সাপের ওপর বহু বছর ধরে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ফরিদ আহসান। বিবিসি বাংলা তার একটি সাক্ষাৎকার নিয়েছেন।
বিজ্ঞানী ফরিদ আহসান জানান, প্রথমে সাপ তার শিকারকে পেঁচিয়ে ধরে চাপ দিয়ে মেরে ফেলে এবং পরে মাথার দিক থেকে খাওয়া শুরু করে।
তিনি বলেন, আমরা আমাদের মুখের চোয়াল একটা নির্দিষ্ট পরিমাণ হাঁ করতে পারি। কিন্তু সাপ তার চোয়াল ১৮০ ডিগ্রি পর্যন্ত বড় করতে পারে, যে কারণে সে তার চাইতেও বড় কোনো প্রাণী গিলে খেয়ে ফেলতে পারে।
তিনি জানান, বাংলাদেশে মানুষ গিলে খাওয়ার ঘটনা না ঘটলেও হরিণ খাওয়ার পর অজগর সাপ কয়েকদিন অনড় হয়ে পড়ে থাকার ঘটনা ঘটেছে। আস্ত হরিণ গিলে খেয়েছে, তার পর পড়ে ছিল। পাঁচ সাতদিন নড়তেই পারেনি। একবার এরকম বড় খাবার খেলে তো তার অনেক দিন খাবারের প্রয়োজনও হয় না।
সাধারণত সব ধরনের সাপ মানুষ ও মনুষ্য বসতি এড়িয়ে চলে। তবে আশেপাশে খাবার যদি না পায়, তখন তারা মানুষকে কাছে পেলে খেয়ে ফেলে বলে জানান ফরিদ আহসান।
ব্রাজিলে এমনকি ভারতের হুগলিতেও অজগরের মানুষ খেয়ে ফেলার রেকর্ড পাওয়া যায়।