বৃহস্পতিবার ভোর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। ১০ দফা পূরণ না হওয়ায় এ ধর্মঘট বলে জানায় তারা। 

বুধবার বিকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ে যৌথসভা শেষে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর এ ঘোষণা দেন।

শনিবার (২৬ নভেম্বর) নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় ১০ দফা দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এরপর তারা বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে তাদের দাবি পূরণে স্মারকলিপি দেয়।

সাফকাত মঞ্জুর বলেন, ‘মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের কথা বলা হয়েছিল। কিন্তু বেঁধে দেওয়া সময়ে দাবি পুরণ হয়নি। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এ ধর্মঘটের আওতায় থাকবে সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন। তবে এরই মধ্যে যদি দাবির পক্ষে আশ্বাস পাওয়া যায় তারা ধর্মঘট প্রত্যাহার করবেন।’

৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে এমন অভিযোগে পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, বিষয়টি ‘কাকতালীয়’। রাজনৈতিক দলের সঙ্গে তাদের এই কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই।

বুধবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সে জন্য রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রাখা যাবে না। যেকোনো মূল্যে এ গণসমাবেশ সফল করা হবে।’