আইএসের নতুন প্রধান আল-হুসেইনি

'ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশিমির'

যুদ্ধে নিহত হয়েছেন ইসলামিক স্টেটের প্রধান আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশি। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনটি। বুধবার আইএসের মুখপাত্র বলেন, 'ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে হাশিমির।'

গত ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন সেনা অভিযানে মৃত্যু হয় তৎকালীন আইএসপ্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এবং আইএস মুখপাত্র আবু হামজা আল-কুরেশির। তারপরই মার্চ মাসে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরেশিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে সংগঠনটি। এবার তার মৃত্যুতে বড়সড় ধাক্কা খেয়েছে জিহাদিরা।

বুধবার এক অডিও বার্তায় নতুন প্রধানের নাম ঘোষণা করে ইসলামিক স্টেট। সংগঠনের নতুন প্রধান হিসাবে এবার দলের রাশ ধরবে আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরেশি। বিশ্লেষকদের মতে, এ ঘটনার জেরে 'খিলাফত' বা বিশ্বজুড়ে মুসলিম সাম্রাজ্য গড়ে তোলার প্রয়াস জোর ধাক্কা খেল।

২০১৯ সালে সিরিয়ার ইদলিব শহরে মার্কিন 'ডেল্টা ফোর্স'-এর গোপন অভিযানে নিহত হন আইএসের প্রথম সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদি। তারপর থেকেই দলের ভার সামলাচ্ছিল ৪৫ বছরের শিক্ষাবিদ আবু ইব্রাহিম। এক সময়ে ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সেনা বাহিনীর সদস্যও ছিলেন তিনি। ইব্রাহিমের সময়ই তার সঙ্গে সম্পর্ক মজবুত হয় হাশিমির। চলতি বছরের মে মাসে তুরস্কের ইস্তানবুলে হাশিমি গ্রেপ্তার হয় বলে খবর রটেছিল। যদিও তা স্বীকার করেনি তুরস্ক।

উল্লেখ্য, ২০১৭ সেলে ইরাকে পরাজিত হয় ইসলামিক স্টেট। তবে হারলেও এখনও যথেষ্ট শক্তিধর সংগঠনটি। কদিন আগেই ইরানের সিরাজ শহরে একটি মাজারে হামলা চালায় আইএস বন্দুকধারীরা। শিয়া সংখ্যাগুরু দেশ ইরানে সুন্নি আইএস জঙ্গিদের এভাবে সক্রিয় হয়ে ওঠা অশনি সংকেত বলেই মত বিশ্লেষকদের। বিশেষ করে হিজাব বিক্ষোভের সময় জঙ্গিদের গতিবিধি ভবিষ্যতে বড় অঘটনের দিকেই ইঙ্গিত করে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ফওয়াদ ইজাদির বলেন, মসজিদ ও মাজারগুলোকে নিশানা করা ইসলামিক স্টেটের ট্রেড মার্ক হামলার নমুনা। সূত্র : রয়টার্স, দ্য গার্ডিয়ান