৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরাটাকে স্মরণীয় করতে পারল না কানাডা। তাদের টানা তৃতীয় হারের স্বাদ দিল মরক্কো। একই সঙ্গে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল গ্রুপ সেরা হিসেবে।
দোহার আল থুমামা স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এফ’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় মরক্কো।
ম্যাচের চতুর্থ মিনিটেই হাকিম জিয়াশ এগিয়ে দেন মরক্কোকে। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইউসেফ এন-নেসিরি। ৪০তম মিনিটে আত্মঘাতী গোল পায় কানাডা। তবে মরক্কো এরপর আর কোনো ভুল করেনি।
বিশ্বকাপ শুরুর আগে ‘এফ’ গ্রুপ থেকে সম্ভাবনার কথা বললে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকেই এগিয়ে রেখেছে সবাই। কানাডাও চমক দিতে পারে বলে ভাবছিল অনেকে।
তবে সবার হিসেব উল্টে দিয়েছে মরক্কো। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে গোলশূন্যভাবে রুখে দিয়েছিল তারা। এরপর বেলজিয়ামকে হারিয়ে দেয় ২-০ ব্যবধানে।
এদিন কানাডাকে হারানোর মাধ্যমে ইতিহাসই গড়ল তারা। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো আসরে পেল একাধিক জয়।
এর আগে সবচেয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলেছিল মরক্কো।
একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া। ফলে গ্রুপ রানার্সআপ হয়ে ক্রোয়াটদের দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছে।
তিন ম্যাচে ৭ পয়েন্ট মরক্কোর। ৫ পয়েন্ট ক্রোয়েশিয়ার। ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিল বেলজিয়াম। কানাডা কোনো পয়েন্ট পায়নি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।