ইতিহাসের পাতায় তারা তিন জন

রক্ষণশীল দেশ কাতার। নিজ দেশের নিয়ম বিদেশীদের জন্যও ছিল বহাল। বিশ্বকাপের আয়োজক দেশে আসা পর্যটকদের তাই পোহাতে হচ্ছে নানা ঝক্কি-ঝামেলা। যে কারণে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছে কাতার। অথচ আজ সেই রক্ষণশীল দেশেই বিশ্ব ফুটবলের নতুন ইতিহাস রচিত হয়েছে।

কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে জার্মানি-কোস্টারিকা ম্যাচ দিয়ে ফুটবলের নতুন যুগের পথচলা শুরু হলো। কারণ এই ম্যাচে যে দায়িত্ব পালন করছেন তিন নারী রেফারি। রেফারি হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন ফরাসি স্টেফানি ফ্র্যাপার্ট। তার সঙ্গে সহকারী হিসেবে রয়েছেন আরও দুই নারী। একজন ব্রাজিলিয়ান নেউজা ব্যাক ও অপরজন মেক্সিকান কারেন দিয়াজ।

বিশ্বকাপ তো বটেই, ছেলেদের ফুটবলের যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টেই প্রথমবারের মতো এমন ঘটনার জন্ম দিয়েছে ফিফা। যদিও আন্তর্জাতিক ফুটবলে এটাই প্রথম নারী রেফারিদের প্রথম পথচলা নয়। এর আগে ইউরোসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের বাছাইপর্বে নারীদেরকে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেছে। ক্লাব ফুটবলেও এমন ছেলেদের ম্যাচে নারীরা হরহামেশাই রেফারির বাঁশি বাজাতে দেখা যায়।

তবে বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম তারা দায়িত্ব পালন করবেন। সেটাও আবার শুরু হচ্ছে বিশ্বকাপ থেকে।

৩৮ বছর বয়সী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ২০০৯ সাল থেকে। জার্মানি-কোস্টারিকা ম্যাচে নামার আগেও তার ঝুলিতে অনেক বড় ম্যাচের দায়িত্বের চাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ফ্র্যাপার্টে দুই সহকারীর একজন নেউজা ব্যাক। ব্রাজিলিয়ান এই সহকারী রেফারি তার সমবয়সী। অন্যদিকে সহকারী রেফারি দায়িত্ব পালন করবেন মেক্সিকান কারেন দিয়াজ।