দেশজুড়ে পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযান শুরু

বিভাগীয় গণসমাবেশ শেষে বিরোধী দল বিএনপির রাজধানী ঢাকায় হতে যাওয়া মহাসমাবেশকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে পুলিশের সব ইউনিট ও জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ অভিযানকে রুটিন ওয়ার্ক (নিয়মিত কাজ) বলে দাবি করা হলেও মূলত বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে ঘিরে এ অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার  পাঠানো বার্তায় বলা হয়, ‘ঢাকার আদালত থেকে মৃত্যুদ-প্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হবে। এ ছাড়া মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করাও এ অভিযানের অংশ। ধারণা করা হচ্ছে, আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটি সেন্টারে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে। এ কারণে এসব স্থানে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে।’ এ ছাড়া সন্দেহভাজন বিভিন্ন স্থানেও অভিযান চালানোর পাশাপাশি জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করারও তাগিদ দেওয়া হয় ওই নির্দেশনায়।

এ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১০ ডিসেম্বরকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে এরই মধ্যে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগাম তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। পুলিশ সদস্যরা পরিকল্পনামাফিক কাজ করছে।’