নারী পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে : শিক্ষামন্ত্রী

পুলিশের নারী সদস্যরা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দেশ-বিদেশে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘পুলিশের নারী সদস্যরা পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং, বাল্যবিবাহ রোধে তাদের কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আমাদের নারী পুলিশ সদস্যরা সবার প্রশংসা অর্জন করেছেন।’

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) দুদিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিপিডব্লিউএনের এবারের প্রশিক্ষণ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’। গতকাল বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের ভারপ্রাপ্ত রেক্টর ড. এএফএম মাসুম রব্বানী। বিপিডব্লিউএনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম স্বাগত বক্তব্য রাখেন। প্রশিক্ষণের অনুভূতি ব্যক্ত করেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার।