চোরাচালানবিরোধী অভিযান পরিচালনাকালে ১৬ পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে এসব আটক করা হয়। আটক চোরাচালানির নাম মো. অহিদুজ্জামান (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, বিপুলপরিমাণ সোনা ভারতে পাচার করা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে কেড়াগাছি বিজিবি ক্যাম্পের নায়ে সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল থেকে বিজিবি সদস্যরা কেড়াগাছি সীমান্তের হরিদাস ঠাকুরের আশ্রমের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে যাওয়া একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করলে অহিদুজ্জামান নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ১৬টি সোনার বার জব্দ করা হয়। আটক করা হয় ইজিবাইকসহ অহিদুজ্জামানকে। আটককৃত সোনার বারের ওজন এক কেজি ৮৫৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ৫৯ লাখ ৭০ হাজার ২০০ টাকা। আটককৃত সোনার বার সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরউদ্দিন মৃধা জানান, এ ঘটনায় নায়েব সুবেদার রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চোরাচালানি অহিদুজ্জামানের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।