ইউক্রেনে ঘর গরম করতে গিয়ে আগুনে পুড়ে নিহত ৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর শীতের প্রকোপ থেকে বাঁচতে বাসা গরম করার সময় ইউক্রেনে আগুনে পুড়ে অন্তত ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার সুরক্ষা বিধি লঙ্ঘন করে ঘর গরমের চেষ্টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা।

সংস্থাটি বলেছে, ইউক্রেনীয়রা ক্রমবর্ধমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের বাড়িতে জরুরি জেনারেটর, মোমবাতি এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। যে কারণে দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, কেবল গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০৬টি অগ্নিকাণ্ডের ঘটনা আবাসিক এলাকায় রেকর্ড করা হয়েছে। এতে ৯ জন মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন আরও আটজন।

বিবৃতিতে বলা হয়েছে, বাসাবাড়ির বারান্দায় জেনারেটর, বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার, মোমবাতি জ্বালানো আর অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করে যেনতেন পণ্যের ব্যবহার করার কারণে বহুতল ও আবাসিক ভবনে আগুন এবং বিস্ফোরণের ঘটনা আরও ঘন ঘন হয়ে উঠছে।

ইউক্রেনীয়দের বাড়িতে আগুনের ব্যবহারে আরও যত্নশীল হওয়ার এবং শিশুদের কাছে আগুনের ঝুঁকি ব্যাখ্যা করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

গত সপ্তাহে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলার এক সপ্তাহ পরও ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক করা সম্ভব হয়নি।

ওদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে (২১ ডিগ্রি ফারেনহাইট) নেমে যাবে এবং দ্রুতই তা আরও কমবে।