৯/১১-র হামলার পরিকল্পনা এক মাস আগেই জেনেছিলেন বুশ!

আমেরিকায় ২০০১ সালের ৯/১১-র সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই ‘খবর’ এসেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে। সে দেশের সংবাদমাধ্যম সিএনএনের একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন জানাচ্ছে, হামলার পরিকল্পনার কথা আগাম জানার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ নেননি বুশ।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে ২০০৪ সালের এপ্রিল মাসের কিছু সরকারি নথির উল্লেখ রয়েছে। সেই নথিতে দাবি করা হয়েছে, আল কায়দা জঙ্গিগোষ্ঠীর বড় ধরনের নাশকতার ছক সম্পর্কে অন্তত এক মাস আগেই গোয়েন্দা সূত্রে খবর এসেছিল হোয়াইট হাউসে। কিন্তু পুরো বিষয়টি জানার পরেও আশ্চর্যজনক ভাবে নিরুদ্বেগ ছিলেন তিনি!

প্রসঙ্গত, ২০০৪ সালেই আমেরিকার একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ৯/১১-র সন্ত্রাসী হামলার আগাম খবর বুশের কাছে ছিল। ওই খবরে দাবি করা হয়, ২০০১ সালের ৬ আগস্ট আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ ওসামা বিন লাদেনের নাশকতার পরিকল্পনার বিষয়ে ‘ব্রিফ’ করেছিল বুশকে। কিন্তু বিষয়টি জানার পরেও কোনও পদক্ষেপ নেননি বুশ!