কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়িসংলগ্ন ব্যাডমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আলকরায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে চারজন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন। তদন্তসাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।