সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। যে ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের ঝালাই করে নিতে চাইবেন কোচ তিতে। বলা যায় পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য এ ম্যাচে বেঞ্চের শক্তি দেখানো হবে বড় চ্যালেঞ্জ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স যেমন গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল নয় পরিবর্তন নিয়ে। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে যায় তারা। ব্রাজিল আজ কেমন করে সেটি দেখার জন্য মুখিয়ে আছে সবাই।
লুসাইল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্যামেরুন। শেষ ষোলোর টিকিট পেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফ্রিকার দেখ ক্যামেরুনের।
একই সময়ে ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ক্যামেরুনকে শুধু জিতলেই হবে না, এই ম্যাচের ফলও পক্ষে আসতে হবে।
ক্যামেরুন ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে খেলে। এরপর আর কখনও নকআউট পর্বে উঠতে পারেনি দলটি। ২০০২ আসরে সৌদি আরবকে হারানোর পর থেকে বিশ্বকাপে তাদের কোনো জয় নেই। ২০১০ ও ২০১৪ আসরে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচই হারে তারা। ২০০৬ ও ২০১৮ আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। এরপর সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
গ্রুপের বাকি তিন দলেরই দ্বিতীয় পর্বে ব্রাজিলের সঙ্গী হওয়ার সম্ভাবনা টিকে আছে। সেই সঙ্গে জানার অপেক্ষা কোন দল হয় গ্রুপ সেরা। ব্রাজিল অবশ্য এখানে এগিয়ে অনেকটাই।