চৌদ্দগ্রামে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাজী পাভেল (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত পাভেল উপজেলার গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাগবিত-ার একপর্যায়ে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়াবাড়িসংলগ্ন ব্যাডমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, আলকরায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। সংবাদ পেয়ে রাত ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও চারজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।