সড়ক দুর্ঘটনা রোধে মানুষের আচরণ পরিবর্তন জরুরি

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। পঙ্গুত্ব বরণ করে বোঝা হচ্ছে পরিবারের। তারপরও সড়কে ফিরছে না শৃঙ্খলা, সচেতন হচ্ছে না মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা, সচেতনতার পাশাপাশি মানুষের আচরণ পরিবর্তন জরুরি। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নিসচার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা কার্যক্রম নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, নিচসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বিআরটিএর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান প্রমুখ।

নিসচা এবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বিনা মূল্যে চক্ষুক্যাম্প পরিচালনা, ১০টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া, সেলাই মেশিন বিতরণ ও সারা দেশে ৩০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ করবে।