নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখার অপেক্ষাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাগতম বৈরাগী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে সাগতম বৈরাগী শুক্রবার রাত ১০টার দিকে শোলপুর দক্ষিণপাড়া গোবিন্দ’র চায়ের দোকানে ফুটবল বিশ্বকাপ খেলা দেখেন। এরপর রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলেন লোকজন।
সময় অতিবাহিত করার জন্য একই গ্রামের পিন্টু বিশ্বাসের কাছে রাখা এক সেট তাস আনতে যান সাগতম। তাস ফেরত চাওয়া নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পিন্টুসহ কয়েকজন এসে সাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা সাগতমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।