আশা করি সিদ্ধান্ত পাল্টাবে বিএনপি: আইজিপি

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সমাবেশ নয়াপল্টনেই হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আইজিপি বলেন, এখনও সময় আছে, আশাকরি বিএনপি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, পুলিশ দায়িত্ব পালন করে থাকে আইনের ভিত্তিতে, নির্দিষ্ট কাঠামোতে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির অগ্রগতি জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা জানাবো।