মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইয়াকুব আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় রাকিব (১৮) নামে একজন আহত হন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামের সামজাহা আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী তার ভাতিজা রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে উপজেলার মিলনবাজার থেকে বালিজুড়ি যাচ্ছিলেন। তাদের বহনকারী দ্রুতগামী মোটরসাইকেলটি মোসলেমাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে ইয়াকুব আলী ও রাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।