মৃত্যুর ১৫ দিন পর আবার হাসিখুশি ঐন্দ্রিলাকে দেখতে পাবেন দর্শক

১৩ দিন হলো শেষ হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার যুদ্ধ। ফেসবুকে এখনও ফিরে ফিরে আসছে নায়িকার স্মৃতি। কখনও তিনি নাচ করছেন। কখনও প্রিয় পোষ্যদের সঙ্গে খেলা করছেন। দিদি ঐশ্বর্য শর্মা বোনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ফিরে ফিরে দেখছেন। এখন তো শুধুই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা। সেই স্মৃতিই আরও একবার তরতাজা হতে চলেছে টেলিভিশনে।

সোমবার থেকে আবারও শুরু হবে ঐন্দ্রিলার দ্বিতীয় বার পথ চলা। আবার দর্শক দেখবেন নায়িকা কথা বলছেন, হাসছেন, কাঁদছেন। নতুন করে সম্প্রচার শুরু হবে অভিনেত্রীর শেষ ধারাবাহিক 'জিয়নকাঠি'র। ক্যানসার থেকে দ্বিতীয় বার সেরে ওঠার পর এই ধারাবাহিকের হাত ধরেই ফের পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী। ঐন্দ্রিলাকে আবারও ছোট পর্দায় দেখতে পাওয়ার ভাবনা থেকে এই সিদ্ধান্ত।

যদিও এ প্রসঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনো কথা বলতেই রাজি নন।

ঐন্দ্রিলা চলে যাওয়ার পর তাঁর মা-বাবা কিংবা সব্যসাচীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, নায়িকার অন্ত্যেষ্টিক্রিয়া করতে নারাজ সব্যসাচী। তার কথামতো কোনো পরলৌকিক ক্রিয়া করেননি ঐন্দ্রিলার মা-বাবাও। কারণ ঐন্দ্রিলা যে এখনও তাদের কাছেই আছেন। সূত্র : আনন্দবাজার