চবির এফ রহমান হলে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি উপগ্রুপের সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে ভিএক্স ও বিজয়ের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের দেয়ালে চিকা মারাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের বিষয়ে বিজয় গ্রুপের এফ রহমান হলের নেতা আল আমিন বলেন, ‘তারা বহিরাগতদের নিয়ে গুলি চালিয়েছে এবং ছাত্রদের রুম ভাঙচুর করেছে।’ এদিকে ভিএক্স গ্রুপের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, ‘গতকাল ভোররাতে বিজয়ের ছেলেরা আমাদের চিকা মুছে দেয়। ভিএক্সের কর্মীরা এটার প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’