কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সচিব এ বি এম গোলাম মোস্তফা মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন।
এ বি এম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন আজ সকাল ৭টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।
এ বি এম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ ও ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাসস