বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার সময় ঝিনাইদহ সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের গাড়িচালক বিশ্বজিৎ শর্মাকে (৩৭) গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত গভীর রাতে শহরের হামদহ আলফালাহ হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। বিশ্বজিৎ শর্মা হামদহ এলাকার জয় গোপাল শর্মার ছেলে।
এলাকাবাসী জানায়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের বাসায় আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন বিশ্বজিৎ শর্মা। পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। সে সময় বাসার সামনে বিশ্বজিৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার চক্রবর্তী জানান, বিশ্বজিতের পেটের বাম দিকে গুলি করা হয়েছে। গুলিটি পেটের ভেতরেই রয়ে গেছে। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে দুই রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।