বিএনপির কর্মী ভেবে কাঁচামাল বিক্রেতাকে পেটাল ছাত্রলীগ

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির লিফলেট বিতরণের সময় মারধরের শিকার হয়েছেন দুই যুবক। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই দুই যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি (২০) ও কাঁচামাল বিক্রেতা মনির হোসেন (৩২)।

সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু নাঈম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে লিফলেট বিতরণকালে তারা মারধরের শিকার হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন রকি জানান, দুপুরে তারা গোপীবাগ, বংশাল, ইসলামপুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বিএনপির লিফলেট বিতরণ করছিলেন। তখন ছাত্রলীগের আনুমানিক এক থেকে দেড় শ নেতাকর্মী তাদের ওপর আক্রমণ করে। তাদের পিটিয়ে আহত করে। সেখান থেকে যখন পুলিশ তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, সেখানেও তাদের মারধর করা হয়।

আহত মনির হোসেন (৩২) জানান, তিনি শনির আখড়ায় মুরগি ও কাঁচামাল বিক্রি করেন। দুপুরে শ্যামবাজারে মাল কিনতে গিয়ে ছিলেন। তখনই তাকে বিএনপির কর্মী ভেবে মারধর করা হয়।