কমিটির আশ্বাসে সড়ক ছাড়ল ঢাকা কলেজ ছাত্রলীগ

ঢাকা কলেজে কমিটি গঠন করা হবে এমন আশ্বাসে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ তুলে নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 

সোমবার রাত ১২টা ২০ মিনিটে তারা অবরোধ তুলে নেন। 

ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মিথুন বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম)  ভাইকে নিয়ে আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করছি, আগামীকাল (সোমবার) বিকালের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাব।

দীর্ঘ ছয় বছরেও কমিটি না দেওয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে সায়েন্স ল্যাব মোড়ে অবরুদ্ধ করে রেখেছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

রোববার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছিলেন নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

অবশ্য জয় তখন বলেন, ‘অবরুদ্ধ হওয়ার খবর গুজব। ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীর সঙ্গে দেখা করা লাগে। এটি তারই একটি অংশ। আমি ঢাকা কলেজের নেতাকর্মীদের সঙ্গে প্রতিদিনের মতোই আলাপ করতে এসেছি। এখানে অবরুদ্ধ হওয়ার মতো কোনো বিষয় হয়নি।আমরা দায়িত্ব পাওয়ার পরপরই করোনা মহামারী শুরু হয়। মহামারীকেন্দ্রিক অনেক কাজ করতে হয়েছে। তারপরও আমরা সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চেষ্টা করেছি।’

দুদিন পরেই বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন। এর মধ্যে ঢাকা কলেজের কমিটি দেওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কমিটি দেওয়ার চেষ্টা করছি। আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা বলে এটা আমরা বিবেচনা করব।’