দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলোতে নাব্যসংকট তীব্রতর হয়েছে। ফলে নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এমন পরিস্থিতিতে এ অঞ্চলেরর ২০টি নদীর ৪৭টি স্থানে খনন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর খনন বিভাগ সূত্র জানায়, ১২ থেকে ১৫ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের এসব নৌপথে ৩০ লাখ ঘনমিটার পলি অপসারণ করা হবে। এতে কাজ করবে ১২টি ড্রেজিং মেশিন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই খনন কার্যক্রম।
প্রতিষ্ঠানটির নৌ-সংরক্ষণ পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন সরকার বলেন, এই প্রকল্পের আওতায় বরিশাল নদী বন্দরে ১ লাখ ঘন মিটার পলি খনন করা হবে।
প্রকল্পের কাজ শুরুর আগে গতকাল রবিবার বেলা ১১টায় বরিশাল নদী বন্দরের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন নৌযানের মালিক, চালক এবং সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক, খনন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামানসহ অন্যরা।
খনন বিভাগের বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ৪৭টি স্থান খনন করে নাব্যসংকট দূর করা হবে।