টুকুসহ পাঁচজনের রিমান্ড, নিপুণকে গ্রেপ্তারে পরোয়ানা

রাজধানীর পল্টন থানায় একটি মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ পাঁচজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রমনা থানায় করা আরেকটি নাশকতার মামলায় টুকু ও নিপুণ রায় চৌধুরীসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল রবিবার সুলতান সালাউদ্দিন টুকুসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেস মিয়া, আব্দুল্লাহ ও জজ মিয়া।

পল্টন থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার অভিযুক্তদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার রাতে সুলতান সালাউদ্দিন টুকুকে আমিনবাজার থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফিরছিলেন। পল্টন থানায় করা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। টুকুসহ রিমান্ড পাওয়া পাঁচজনের কারও নাম মামলার এজাহারে ছিল না। সন্দিগ্ধ হিসেবে তাদের আটক করা হয়।