নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে মো. গোলাম সারোয়ার (২৫), গাইবান্ধা সদর উপজেলার শাহিন মাহমুদের ছেলে সাকিব মাহমুদ (২৭), মুন্সিগঞ্জ সদরের মৃত মোহন ব্যাপারীর ছেলে ফরহাদ সেন (২২) ও মুরাদ হোসেন (২১) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলার মৃত রকিবুল হাফিজের ছেলে ওয়াসিকুর রহমান নাঈম (২৮)।
এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট, একটি রেজিস্ট্রার এবং একটি ব্যাগ।
জামাতুল শারক্বীয়া’র এই ৫ সদস্য উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ছেড়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
সোমবার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস ব্রিফিং করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেপ্তাররা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এর দাওয়াতি, হিজরকৃত সদস্যদের প্রশিক্ষণ ও তত্ত্বাবধান, পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
তারা ২/৪ বছর আগে নিকটাত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তির মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের মাধ্যমে তাত্ত্বিক, শারীরিক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।
সাম্প্রতিক সময়ে জামাতুল আনসারের বিরুদ্ধে পরিচালিত অভিযানের কারণে তারা বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থাকে এবং সংগঠনে জ্যেষ্ঠ সদস্যদের নির্দেশনা অনুযায়ী তারা সংগঠনের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দিত বলে জানা যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।