জঙ্গি ছিনিয়ে নেওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না: র‌্যাব

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমসহ র‌্যাব কাজ করছে। আশা করি শিগগিরই আমরা তাদের গ্রেপ্তার করতে পারবো।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা দায় এড়াতে পারি না। জঙ্গিদের বিষয়ে আগের তথ্য থাকলে পদক্ষেপ নেওয়া সহজ হতো। অথবা পালিয়ে যাওয়ার বিষয়টা ঠেকানো যেত। তবে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাদের আগের অপরাধ কার্যক্রম, বিভিন্ন স্থানে বিচরণের সিসিটিভি ফুটেজ সবকিছু মূল্যায়ন করে আমরা এগোচ্ছি।

পালিয়ে যাওয়া জঙ্গিরা দেশ না বাইরে চলে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমান্ডার মঈন বলেন, আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। তবে, যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।

গত ২০ নভেম্বর ঢাকার আদালতপাড়া থেকে দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে করে ছিনিয়ে নেয়।