জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক অর্ধ-শতাধিক কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন। পরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদনপত্র জমা দেন তারা।
মানববন্ধন চলাকালে কর্মচারীরা বলেন, চাকরি স্থায়ী করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন করা হয়নি।
এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এ বিষয়ে ১৮ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় শেখ হাসিনা হলের মালি শরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয় তাতে সংসার চালানো সম্ভব হচ্ছে না। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানোও কষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে বাধ্য হয়ে পথে নেমেছি। আমাদের দাবি একটাই, চাকরি স্থায়ী করতে হবে।’
জাহানারা ইমাম হলের অফিস সহায়ক নাসরিন আক্তার বলেন, ‘সাত বছর হয়ে গেল দৈনিক মজুরিভিত্তিক কাজ করে যাচ্ছি। এই সাত বছরের প্রতিটা দিনই আমার কষ্টে কেটেছে। আমাদের চাকরি স্থায়ী করা হলে একটু ভালোভাবে বাঁচার সুযোগ পেতাম।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘আমরাও চাই তাদের চাকরি স্থায়ী হোক। এ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি পাঠানো হয়েছে, সেখান থেকে পদ না দিলে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী করা সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবারও কথা বলা হবে।’