বিএনপি থেকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর পদত্যাগের ঘোষণা

টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু পদত্যাগ করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে তিনি তার ফেসবুক পেজে  স্ট্যাটাস দিয়ে পদত্যাগের এ ঘোষণা দেন। 

উপজেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সখীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ওপর কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানের ‘অগণতান্ত্রিক ও অযাচিত হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে শাজাহান সাজু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

শাজাহান সাজুর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেও এমনটি জানা গেছে।

তবে বিএনপির কয়েকজন নেতা সাজুর পদত্যাগের ঘোষণাকে নাটক বলেও মন্তব্য করেছেন। 

আন্দোলন ও মামলার ভয়ে সভাপতির পদ থেকে পদত্যাগের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু বলেন, ‘মামলা-হামলার ভয় আমি কোনোদিন করি নাই, এখনও করি না। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিএনপির সব পদ-পদবি থেকে নিজেকে সরিয়ে নেব’।

পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন বলেন, ব্যক্তিগত কাজে আমি এলাকার বাইরে আছি। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিষয়টি আমার জানা নেই। পরে শাজাহান সাজুর সঙ্গে এ বিষয়ে কথা বলে তিনি জানাবেন বলে আর কোনো কথা বলেননি। 

কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খানের সঙ্গে কথা বলতে তার মোবাইলে ফোন করলেও তিনি ফোন ধরেননি।