নেইমারকে নিয়ে চিন্তিত ব্রাজিল সমর্থকরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ শেষ ষোলোর ম্যাচে তাকে খেলানো হবে কি না, তা নিয়ে দুটানায় আছে ব্রাজিল টিম ম্যানেজমেন্টও। চোটের কারণে মাঠে নামা নিয়ে উদ্বেগে সময় পার করছেন নেইমার নিজেও। সবাই যখন এই তারকাকে নিয়ে আলোচনায় মগ্ন, তখন কাতারের রাস্তায় হুবহু নেইমারের মতো একজনকে ঘুরে বেড়াতে দেখা গেছে। দেখতে যেহেতু একই রকম, তাই তাকে দিয়ে খেলালেই তো হয়!
কিন্তু আসলে বিষয়টা তা হওয়ার নয়। কারণ নেইমারের মতো দেখতে ইগন অলিভেইরা নামের এই ব্যক্তি ফুটবল পারদর্শীতা কতটুকু, তা নিয়ে রয়েছে সংশয়। কারণ তিনি যে শুধুই একজন ফুটবল সমর্থক।
ব্রাজিল তারকা নেইমারের পোশাক, সানগ্লাস ও ক্যাপ পড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অলিভেইরা। খালি চোখে যাকে দেখলে নেইমার ভেবে ভুল করবেন অনেকে। নেইমারের এই জমজকে নিয়ে আলোচনা হয়েছে আগেও। তিনি নেইমারের সঙ্গে ছবি তোলারও সুযোগ পেয়েছেন। এবার বিশ্বকাপে ব্রাজিল দলকে সমর্থন দিতে তিনি চলে গেছেন কাতারে। যেখানে রাস্তায় ঘুরে ঘুরে দর্শকদের মাতাচ্ছেন তিনি।
অলিভেইরার যেন পেশাই হয়ে গেছে নেইমারকে অনুকরণ করে চলা। প্যারিসে গিয়েও এই ফুটবলারের ছদ্ববেশ ধারণ করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন। বিষয়টি অবশ্য ব্রাজিলের আসল নেইমার দারুণ উপভোগ করেন। এমনকি কাতার এয়ারওয়েজের জন্য সম্প্রতি এক বিজ্ঞাপনের শ্যুটিংয়েও দুজনকে একসঙ্গে দেখা গেছে।
এই বিষয়ে অলিভিয়ের বলেন, আমি মুহূর্তগুলো কল্পনাও করিনি কখনো। নেইমারের কাছে আসতে পেরে আমি ধন্য। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো তার প্রতি, কারণ তিনি আমার জীবনের গতিপথ পালটে দিয়েছেন। রঙিন করে তুলেছেন আমার এই ভুবন।