অসময়ে বিশ্বকাপ হওয়াতে চোটের তালিকাটা লম্বা। বহু তারকার ফুটবল নন্দন দেখা থেকে বঞ্চিত কাতার। তাই এবারের আসরকে অকাল বিশ্বকাপ বলাই যায়। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই যে চোটের মিছিল। সেই মিছিলে সামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ছিটকে যান তিনি। শঙ্কা জেগেছিল টুর্নামেন্ট থেকেই না আবার ছিটকে যান। তবে সব শঙ্কা দূর করে ফিরলেন তিনি, ফেরার দিনেই পেলেন গোলের দেখা।
খেলার ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। রিচার্লিসনকে বক্সের ভেতরেই ফাউল করেছিলেন কোরিয়ান ফুটবলার। তাতেই পেনাল্টি শটের সুযোগ পায় হলুদ-নীলরা। সেই শট নেন নেইমার। ১৩ মিনিটে সেই শট থেকে গোলটা কাতার বিশ্বকাপেও নেইমারের প্রথম গোল। তৃতীয় বিশ্বকাপ খেলতে নামা এই ফুটবলারের টুর্নামেন্টের সপ্তম গোল। যে গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।
এর আগে ম্যাচের ৭ মিনিটে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র। রাফিনহার দেওয়া পাসটা সুন্দর করে বক্সের ভেতরে আগলান। অনেকটা সময় নিয়ে ঠান্ডা মাথায় বলটা জালে জড়ান। তাতে এগিয়ে যায় তিতের শিষ্যরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ব্রাজিল।