মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ব্যাগ কেটে এক লাখ টাকা নিয়ে গেছে চোর।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ওয়ালটনের ডিলার মেগা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটনের ম্যানেজার মো. কালামের কাছ থেকে টাকাগুলো খোয়া যায়।
মেগা ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটন জানান, সকালে তার ম্যানেজার মো. কালাম কাপড়ের তৈরি একটি ব্যাগে করে ৫ লাখ টাকা নিয়ে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখায় যান জমা দেওয়ার জন্য।
ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে জমা রশিদ লিখছিলেন তার ম্যানেজার। এ সময় আগে থেকে ওৎপেতে থাকা চোরের দল ম্যানেজারের ওই ব্যাগ কেটে এক লাখ টাকার একটি বান্ডিল নিয়ে চম্পট দেয়। রশিদ লেখা শেষে কাউন্টারে টাকা দিতে গেলেই তিনি টের পান ব্যাগ থেকে টাকা খোয়া গেছে।
সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার শরীফুদ্দিন আহমেদ বলেন, আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছি। তাতে দেখা যায় ওই গ্রাহক ব্যাংকে প্রবেশ করতেই পেছনে ২ ব্যক্তি অনুসরণ করছিল। সুযোগ বুঝে কৌশলে ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দেয়। গ্রাহকের দাবি অনুযায়ী এক লাখ টাকা খোয়া গেছে।