বিরোধী মতের সভা-সমাবেশকে কেন্দ্র করে সরকার গণগ্রেপ্তার করছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, রাজধানীতে বিরোধী মতের সভা-সমাবেশ কেন্দ্র করে কর্তৃত্ববাদী সরকার গণগ্রেপ্তার করছে। বিগত দুইদিন জনতার উপর নিপীড়নের এই গণগ্রেপ্তারে গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জজ মিয়া ও লালবাগ থানার আহ্বায়ক বাবুল হোসেনসহ পাঁচজন কর্মী গ্রেপ্তার হয়।
দলটির সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাড্ভোকেট সুব্রত চৌধুরী এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখল করা শক্তি সবসময়ই জনগণের ঐক্যবদ্ধ শক্তিকে ভয় পেয়ে নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলা ও গ্রেপ্তার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। অবিলম্বে বিরোধী মতের উপর ন্যক্কারজনক হামলা ও মিথ্যা মামলা বন্ধ না করলে গণআন্দোলন গড়ে তুলে জনতার আদালতে ফ্যাসিস্ট সরকারের বিচার হবে।’