পাবিপ্রবি শিক্ষার্থী সুজা এখন অ্যামাজনে

বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানি অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) তৃতীয় ব্যাচের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ সুজা।

সোমবার (৫ ডিসেম্বর) তিনি লন্ডনে অ্যামাজনের হেড অফিসে যোগদান করেছেন। 

এর আগে, এ বছরের শুরুতে আয়ারল্যান্ডে অ্যামাজনের ডাবলিন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পান সিএসই বিভাগের পঞ্চম ব্যাচের আরেক শিক্ষার্থী আবু রায়হান।

সালাউদ্দিন আহমেদ সুজা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নওগাঁ শহরের মোহা. সিরাজ উদ্দীন ও আঞ্জুমআরা দম্পতির বড় ছেলে। ২০১৬ সালে পাবিপ্রবির সিএসই বিভাগ থেকে তিনি স্নাতক (বিএসসি) শেষ করেন। 

সালাউদ্দিন আহমেদ সুজা স্নাতক শেষ করার পর দেশের জুনিয়র অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। এরপর আরও কয়েকটা চাকরির পর ২০১৯ সালে পাড়ি জমান ইন্দোনেশিয়ায়। সেখানে তিনি একটি কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তিনি জার্মানির বার্লিনে ডেলেভারি হিরো কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন।

অ্যামাজনে চাকরি পাওয়ার পর সালাউদ্দিন আহমেদ সুজা বলেন, পাবিপ্রবির শিক্ষার্থী হিসেবে অ্যামাজনে জয়েন করতে পেরে নিজের কাছে সত্যিই ভালো লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও যে বিশ্বের বড় বড় কোম্পানিগুলোতে চাকরি সম্ভব সেটা এখন প্রমাণিত। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু নাই সেটা সত্য। কিন্তু এই না থাকার মধ্যেও অনেক কিছু আছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিশ্বের ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে। আমি মনে করে চেষ্টা করলে সবই সম্ভব। আমরা চেষ্টা করেছি, আমাদের পরবর্তী যারা আছে তারাও চেষ্টা করে আরও ভালো জায়গায় নিজেদের নিয়ে যাবেন।

সুজার সাফল্যের বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. আব্দুর রহিম বলেন, সুজার অ্যামাজনে চাকরি পাওয়ার সংবাদ বিশ্ববিদ্যালয় এবং বিভাগের জন্য গর্বের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভালো করছে এটা আমাদের জন্য আনন্দের। সুজাকে দেখে অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। আগামীতে আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, এ সাফল্য সত্যিই পাবিপ্রবি পরিবারের জন্য গর্বের, আমরা আনন্দিত। সুজার সাফল্যে বর্তমান শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।