পুলিশের বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার আরও ২৮৫

পুলিশের বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার মোট ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে সোমবার পর্যন্ত (৫ দিনে) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৭২৭ জনকে আটকের কথা জানানো হয়েছিল।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, ঢাকার আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর।