বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য (২০২৩-২০২৪ সাল) ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএএমএ-এর পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অর্জন সমূহ তুলে ধরা হয়। সেই সঙ্গে এজেন্ডা অনুযায়ী পূর্ববর্তী মতবিনিময় সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং অনুমোদন দেওয়া হয়।
বিএএমএ একটি জনকল্যাণকর ও জনপ্রতিনিধিত্বশীল সরকার অনুমোদিত বাণিজ্যিক সংগঠন। সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সদ্য ১৭/১০/২০২২ তারিখে নিবন্ধন প্রাপ্ত যার লাইসেন্স নম্বর ১৩/২০২২ এবং এফবিসিসিআই এর এ ক্লাস অ্যাসোসিয়েশন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত।
বিএএমএ-এর প্রধান কাজ হল কৃষি রসায়ন শিল্পে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ফসলের সুরক্ষা প্রদান এবং এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ, মাত্রা নির্ধারণ ও সরকারি বিভিন্ন কর্মপরিকল্পনা ও বিধিবিধান বাস্তবায়নে সহায়তা করা।
এখানে উল্লেখ্য যে, কৃষি রসায়ন শিল্পের একটি অন্যতম গুরুত্ব পূর্ণ শাখা হল বালাইনাশক শিল্প। দেশীয় বালাই নাশক শিল্প বিকাশে বিদ্যমান বিভিন্ন বাধাসমূহ যেমনঃ সোর্স উন্মুক্তকরণ, কার্বোফুরান কাঁচামালের আমদানি ও নিবন্ধন নবায়ন, সালফার আমদানি, এলসি ওপেনিং, কাঁচামাল আমদানি ও উৎপাদন, পেটেন্ট স্বত্ব, নিবন্ধনের সরকারি ফি হ্রাস ও নবায়নের সময় বৃদ্ধি, যথাসময়ে সাব-পিটাক বা পিটাক না হওয়া, একই পণ্যের একই ফসলে ভিন্ন ভিন্নমাত্রা নির্ধারণ ও একই ফসলে বিভিন্ন কোম্পানির লেভেলের জন্য নতুন করে অনুমোদন গ্রহণ ইত্যাদি সমস্যা দূরীকরণে করণীয় ভবিষ্যৎ পরিকল্পনা গুলো নিয়ে উক্ত সভায় আলোচনা করা হয়।
বাংলাদেশের কৃষি শিল্প বিকাশে, দেশীয় বালাইনাশক শিল্পকে পূর্ণাঙ্গ রূপ দিতে, কৃষকের স্বার্থ রক্ষায় এবং সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।