অসুস্থতার গুজব উড়িয়ে ক্রিমিয়া সেতুতে পুতিন

শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়ে এবার নিজেই গাড়ি চালিয়ে ক্রিমিয়ার কার্চ সেতু পরিদর্শনে গেলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অথচ গত দুদিন পশ্চিমা গণমাধ্যমে পুতিন গুরুতর অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গেছেন এবং তিনি নাকি পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত এমন খবর ছড়ানো হয়। এই গুজবের মধ্যেই গত সোমবার স্থানীয় সময় বিকেলে কার্চ সেতুর বিস্ফোরণের সেই জায়গাটি এবং মেরামতের কাজ দেখতে যান পুতিন। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন অভিযান শুরুর পর অঞ্চলটিতে এটিই তার প্রথম সফর। এ সময় হেঁটে কার্চ ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থানটি পর্যবেক্ষণ করেন তিনি। কথা বলেন উচ্চপদস্থ কর্মকর্তা এবং নির্মাণশ্রমিকদের সঙ্গে। এর আগে অক্টোবর মাসে বোমা হামলা চালানো হয় এই সেতুতে। হামলার জন্য ইউক্রেনকে শুরু থেকেই দায়ী করে আসছে পুতিন প্রশাসন।