গোলহীন রোনালদোর আক্ষেপ ঘোচানোর সুযোগ

বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। পিয়ারস মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বজুড়ে। মাঝপথে ম্যানইউয়ের সঙ্গে ছাড়াছাড়ি। এসবকে ছাপিয়েও তার দল পর্তুগাল উঠে গেছে কাতার আসরের শেষ ষোলোতে। রাত ১ টায় মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে। তাতেই ফের আলোচনায় সিআরসেভেন। নক-আউট পর্বে যে নেই তার কোনো গোল। আজ রাতটা তাই তার সামনে যেন সুযোগ করে দিচ্ছে অপবাদ ঘোচানোর।

পাঁচটি বিশ্বকাপ খেললেও এখনো নক আউটে গোলের দেখা পাননি রোনালদো। তার বর্ণিল ক্যারিয়ারে বড় ব্যর্থতা এটা। অবশ্য লিওনেল মেসিও গত চার বিশ্বকাপে নক আউটে গোল পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাজারতম ম্যাচে চোখ-জুড়ানো গোলে মিটিয়েছেন আক্ষেপটা।

প্রতিদ্বন্দ্বী মেসিকে দেখে সব সময় নিজেকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করে গেছেন রোনালদো। আজও নিশ্চয়ই চাইবেন একবার লক্ষ্যভেদ করে পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর বিশ্বকাপে ৯ গোলের রেকর্ড স্পর্শ করতে। পারবেন তো রোনালদো? আজই কিন্তু হতে পারে শেষ সুযোগ!

কত কিংবদন্তির কত রেকর্ড আছে বিশ্বকাপ ইতিহাসে। পেলে একমাত্র খেলোয়াড় হিসেবে জিতেছেন তিনটি বিশ্বকাপ। ফ্রান্সের জাঁ ফঁতে এক আসরেই গোল করেছেন ১৩টি। এতটা উচ্চতায় না পৌঁছলেও ক্রিশ্চিয়ানো রোনালদো অনন্য একটা জায়গায়। একমাত্র খেলোয়াড় হিসেবে গোল করেছেন টানা পাঁচ বিশ্বকাপে। 

রোনালদোকে নিয়ে পর্তুগালের বিখ্যাত দৈনিক এ বোলা একটি জরিপ চালিয়েছে। প্রশ্ন ছিল, সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের একাদশে রোনালদোকে রাখা উচিত কি না?’ ৭০ শতাংশ পাঠক রোনালদোর বিপক্ষে ভোট দিয়েছে। বয়স ৩৭ পেরিয়ে নিজ দেশের জনতার কাছেই আস্থার জায়গাটা হারিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।