আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে বিজিবি ও বিএসএফ

আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারতের ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী বৈঠকটি আজ বুধবার শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার। বৈঠকে সীমান্ত হত্যা ও চোরাচালানসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনার ইঙ্গিত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আঞ্চলিক কমান্ডার পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিতে বিজিবির একটি প্রতিনিধিদল গতকাল কুমিল্লা হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে রেজিওনাল কমান্ডার পর্যায়ের এ বৈঠকে চোরাচালান, বর্ডার কিলিংসহ কমন ইস্যুসগুলো থাকবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও মাদক, অস্ত্রসহ সীমান্তের অন্যান্য অপরাধ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিজিবি-বিএসএফের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ও গুরুত্ব পাবে।

এর আগে গত ২০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী চলমান উন্নয়ন কর্মকা-ের অগ্রগতিসহ অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান এবং দুই দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়।