রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্লান্ট উদ্বোধন

বাংলাদেশ বিমানবাহিনীর ২১৪ মেইনটেন্যান্স, রিপেয়ারিং ও ওভারহলিং ইউনিটে গতকাল মঙ্গলবার রাবারাইজড আইটেম ম্যানুফ্যাকচারিং প্লান্টের উদ্বোধন হয়েছে। বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

 আইএসপিআর জানায়, নতুন অন্তর্ভুক্ত এই প্লান্ট বিমানের রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও এই প্লান্ট বিমানবাহিনীর প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এর ফলে নিয়ন্ত্রিত পরিবেশে এফ-৭  সিরিজ বিমান, কে-৮ ডব্লিউ বিমান, পিটি-৬ বিমান এবং অন্যান্য সূক্ষ্ম যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট বিমানবাহিনীর টেকনিশিয়ান কর্তৃক উৎপাদন সম্ভবপর হবে।